কুমিল্লাশুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেবরকে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা, দেবর-ভাবির যাবজ্জীবন

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ৩, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের সালথায় স্বামী নুরুল ইসলাম মোল্লাকে (৩৬) কুপিয়ে হত্যার মামলায় স্ত্রী মুন্নি বেগম (৩৫) ও নিহতের ছোট ভাই মাহাবুল মোল্লাকে (৩৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও দুই মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফরিদপুরের পারিবারিক আপিল আদালতের বিচারক ও জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন মুন্নি বেগম। পরে তাকে পুলিশ পাহারায় ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়। অপর আসামি মাহাবুল মোল্লা আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মুন্নি ও মাহাবুল সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামের বাসিন্দা। সম্পর্কে তারা ভাবি ও দেবর।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৯ সালের ১৭ মার্চ রাতে খাবার খেয়ে দুই সন্তানকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন নুরুল ইসলাম ও তার স্ত্রী মুন্নি। রাত সাড়ে ৩টার দিকে মুন্নির চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে বাড়ির পাশে নুরুল ইসলামকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তার মৃত্যু নিশ্চিত হয়।

ঘটনার দুই দিন পর, ১৯ মার্চ নিহতের বাবা মান্নান মোল্লা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সালথা থানায় হত্যা মামলা করেন।

মামলাটি তদন্ত করেন ফরিদপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই আলমগীর হোসেন। তদন্ত শেষে তিনি নুরুল ইসলামের স্ত্রী মুন্নি বেগম ও ছোট ভাই মাহাবুল মোল্লাকে অভিযুক্ত করে ২০২১ সালের ২৩ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আজিজুর রহমান জানান, ভাবি ও দেবর পরস্পর যোগসাজশে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। ব্যক্তিগত স্বার্থে নুরুল ইসলামকে ‘পথের কাঁটা’ মনে করে তারা তাকে হত্যা করেন বলে মামলার তদন্তে উঠে এসেছে।

রায়ে সন্তোষ প্রকাশ করে পিপি বলেন, এ ধরনের অপরাধের ক্ষেত্রে এমন শাস্তি ভবিষ্যতে অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।