কুমিল্লামঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘টাকা লেনদেনের দ্বন্দ্বে’ নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিক খুন

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ২৫, ২০২৬ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুরোনো বিরোধের জেরে ছুরিকাঘাতে এক পরিবহন শ্রমিককে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে গোদনাইল ক্যানেলপাড় এলাকায় একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানিয়েছেন।

নিহত ৩০ বছর বয়সী মো. সজীব গোদনাইল নয়াপাড়া এলাকার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে। তিনি একটি তেলবাহী গাড়ির চালকের সহযোগী হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তের বরাতে ওসি এমদাদুল বলেন, “গোদনাইল ক্যানেলপাড় এলাকায় কয়েকজন ব্যক্তি সজীবকে মারধর করেন। এক পর্যায়ে হামলাকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ওই পরিবহন শ্রমিক।

“খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন “

এ পুলিশ কর্মকর্তা বলেন, “নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। টাকা-পয়সার লেনদেন নিয়ে কয়েকজনের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল।

“ওই দ্বন্দ্বের জেরেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পেয়েছি। কয়েকজনের নাম আমরা জেনেছি; তদন্ত চলছে।”

তবে এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান ওসি।