নাইদুল হোসাইন ইমন
কুমিল্লার দেবিদ্বার উপজেলার সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স, সেবার মান, অবকাঠামো, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর উপস্থিতি এবং সরকারি নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না—তা যাচাইয়ে সরেজমিন পরিদর্শনের দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত।
এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে লিখিত আবেদন করেছেন তিনি। রোববার (২৩ আগস্ট) দেওয়া ওই চিঠিতে দ্রুত প্রয়োজনীয় পরিদর্শন ও কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
চিঠিতে এমপি আবুল হাসনাত উল্লেখ করেন, ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থার কারণে দেবিদ্বার শুধু উপজেলার মানুষের জন্য নয়, আশপাশের বিভিন্ন উপজেলার মানুষের জন্যও গুরুত্বপূর্ণ একটি চিকিৎসাসেবা কেন্দ্র হিসেবে কাজ করছে। ফলে উপজেলায় উল্লেখযোগ্য সংখ্যক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে এবং প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এসব প্রতিষ্ঠানে চিকিৎসাসেবা গ্রহণ করছেন।
তিনি বলেন, এসব প্রতিষ্ঠানে বৈধ লাইসেন্স ও অনুমোদন, প্রয়োজনীয় অবকাঠামো, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপস্থিতি, চিকিৎসা সরঞ্জাম এবং সরকারি নির্ধারিত নীতিমালা ও শর্ত যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না—তা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে রোগীদের নিরাপত্তা ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও পরিদর্শন প্রয়োজন।
চিঠিতে দেবিদ্বার উপজেলার সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সরেজমিন পরিদর্শন করে প্রতিটি প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স, নিবন্ধন ও অনুমোদন, নির্ধারিত জনবল, অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম, সেবার মান এবং সরকারি নীতিমালা ও শর্ত মানা হচ্ছে কি না—তা যাচাইয়ের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।
পরিদর্শন শেষে প্রতিষ্ঠানভিত্তিক বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করে কোন প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে, কোথায় কী অনিয়ম রয়েছে এবং কোনো প্রতিষ্ঠান অনুমোদনহীন বা গুরুতরভাবে নিয়মবহির্ভূতভাবে পরিচালিত হচ্ছে কি না—এসব তথ্যসহ প্রতিবেদন দেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
একই সঙ্গে অনিয়ম শনাক্ত হলে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া এবং আইন-বিধি অনুযায়ী অনুমোদনহীন বা অবৈধ প্রতিষ্ঠান বন্ধসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়েছেন এমপি আবুল হাসনাত।
চিঠিতে তিনি আরও বলেন, আগামী এক মাসের মধ্যেই প্রয়োজনীয় পরিদর্শন, মান যাচাই এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিতকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বিদ্যমান অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও তদারকি ব্যবস্থাকে দায়-দায়িত্ব বহন করতে হতে পারে।
দেবিদ্বারকে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও মানসম্মত চিকিৎসাসেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং স্থানীয় ও আশপাশের উপজেলার মানুষের জন্য উন্নত ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
চিঠির অনুলিপি স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, কুমিল্লার সিভিল সার্জন এবং দেবিদ্বার উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।











