কুমিল্লাসোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কিস্তির টাকায় পুরাতন ক্যামেরা কিনে হৃদয়ের স্বপ্নযাত্রা

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ২৩, ২০২৬ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

জহিরুল ইসলাম আজিম

কেউ স্বপ্ন পূরণ করেন নতুন ক্যামেরা কিংবা দামি সরঞ্জাম দিয়ে, আবার কেউ শুরু করেন সীমিত সামর্থ্য আর অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে। তেমনই এক সংগ্রামী তরুণ হৃদয়।

ফেনীর শয়াদুবপুর গ্রামের বাসিন্দা ২৮ বছর বয়সী হৃদয়। বর্তমানে প্রায় দেড় বছর ধরে কুমিল্লায় বসবাস করছেন। থাকেন ধর্মসাগর এলাকার একটি মেসে। পেশায় তিনি ক্যামেরাম্যান। প্রতিদিন ক্যামেরা নিয়ে ছুটে বেড়ান বিভিন্ন অনুষ্ঠান ও কাজের সন্ধানে। এতে দিনে আয় হয় প্রায় ৪০০ থেকে ৫০০ টাকা।

বিবাহিত হৃদয়ের স্ত্রী থাকেন গ্রামের বাড়িতে। তাদের রয়েছে দুই বছরের একটি সন্তান। পরিবার থেকে দূরে থেকে প্রতিদিনের আয় দিয়ে নিজের সংসারের খরচ চালানোর পাশাপাশি স্বপ্ন দেখেন আরও ভালো কিছু করার।

তবে ক্যামেরাম্যান হিসেবে পথচলা তার জন্য সহজ ছিল না। কিস্তিতে টাকা তুলে একটি পুরাতন ক্যামেরা কিনেই শুরু করেন তার যাত্রা। সেই ক্যামেরাটিই এখন তার জীবিকার অন্যতম ভরসা।

হৃদয়ের গল্প শুধু একজন ক্যামেরাম্যানের গল্প নয়; এটি সীমিত সামর্থ্যের মধ্যেও স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে যাওয়ার গল্প। প্রতিদিনের ৪০০-৫০০ টাকা আয়ের মধ্যেও তিনি চেষ্টা করে যাচ্ছেন নিজের পরিবার ও সন্তানের ভবিষ্যৎ সুন্দর করতে।

হয়তো ক্যামেরাটি পুরাতন, কিন্তু হৃদয়ের স্বপ্নটা একেবারেই নতুন। আর সেই স্বপ্ন নিয়েই কুমিল্লার পথে পথে প্রতিদিন ছুটে চলেছেন হৃদয়।