কুমিল্লারবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইলেক্ট্রিশিয়ানকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে হৃদক্রিয়া বন্ধ হয়ে পুলিশ পরিদর্শকের মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ২২, ২০২৬ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে নিজের নির্মাণাধীন বাড়ির ছাদে ইলেকট্রিশিয়ানকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে আবীর হোসেন (৫৫) নামে এক পুলিশ পরিদর্শকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ফরিদপুর জেলা শহরের গোয়ালচামট খোদাবক্স সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। 


নিহত আবীর হোসেন শরীয়তপুর জেলার নড়িয়া সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের আবু বকর মোল্লার ছেলে এবং ছুটি কাটাতে বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজ বাড়িতে এসেছিলেন।


পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শহরের খোদাবক্স রোড এলাকায় আবীর হোসেনের নবনির্মিত চারতলা ভবনের ছাদে শনিবার দুপুরে বিদ্যুতের সংযোগের কাজ করছিলেন আব্দুল আজিজ (২৫) নামে এক ইলেকট্রিশিয়ান। কাজ করার একপর্যায়ে আচমকা আজিজ বিদ্যুৎস্পৃষ্ট হন। তা সরাসরি দেখতে পেয়ে আগেই হৃদরোগে আক্রান্ত থাকা পুলিশ পরিদর্শক আবীর হোসেন প্রচণ্ড আতঙ্কিত ও অসুস্থ হয়ে মেঝেতে গড়িয়ে পড়েন।

পরে স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বিকেল আড়াইটার দিকে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবীর হোসেনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজকে একই হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান জানান, ইলেকট্রিশিয়ান বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার দৃশ্য দেখে বা তাকে বাঁচাতে গিয়ে ওই পুলিশ কর্মকর্তা অসুস্থ হয়ে পড়েন এবং স্ট্রোক করেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।