ভারতের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ভোমরা স্থলবন্দর দিয়ে তার মরদেহ দেশে পৌঁছায়। পরবর্তীতে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আলিমুজ্জামানের প্রতিবেশি ফজলুর রহমান বলেন, আজ বিকেলে আছরের নামাজের পর আলিমুজ্জামানের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
গত বুধবার রাতে কলকাতার হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে সাতজনই বাংলাদেশি। এই ঘটনায় দগ্ধদের মধ্যেও কয়েকজন বাংলাদেশি রয়েছেন।












