কুমিল্লাশুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যেসব এমপি

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ২০, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

অনুষ্ঠিত হয়ে গেল দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। এতে ৩৪৯ সংসদ সদস্যদের মধ্যে মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন। আর ভোট দেননি ছয়জন সংসদ সদস্য।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ভোট না দেয়া ছয় সংসদ সদস্য হলেন— বিএনপির মির্জা আব্বাস, ওসমান ফারুক ও মোস্তফা কামাল পাশা, জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম, খেলাফত মজলিসের আবুল হাসান এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিরোধী দল মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

জাতীয় সংসদে মোট আসন ৩৫০টি, যার মধ্যে ৫০টি সংরক্ষিত নারী আসন। তবে আদালতের নির্দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনের ফলাফল এখনো ঘোষণা না হওয়ায় বর্তমানে সংসদ সদস্য ও রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার সংখ্যা ৩৪৯।

এর আগে গত ২৪ জুলাই বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। প্রায় তিন বছর দায়িত্ব পালন করেন তিনি। তার পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।