কুমিল্লাবুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ১৯, ২০২৬ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল: নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছর বয়সী শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে প্রতিবেশী রবিউল শিকদার ওরফে রবিকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে আসামিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে

বুধবার (১৯ আগস্ট) দুপুরে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তারিকুজ্জামান লিটু জানান, রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় বিজ্ঞ আদালত সর্বোচ্চ এই শাস্তি প্রদান করেছেন।

দণ্ডপ্রাপ্ত রবিউল রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার শিকদারের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বিকেলে রামচন্দ্রপুর গ্রামে শিশু জান্নাতুল মাওয়াকে একা পেয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করেন রবিউল। 

পরদিন ২১ জুলাই নিহত শিশুর বাবা বাদী হয়ে রবিউলকে একমাত্র আসামি করে নড়াইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।ওই দিন সকালে স্থানীয় দত্তপাড়া এলাকা থেকে জনতা রবিউলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বর্বরোচিত এ ঘটনার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

ঘটনার পর ২২ জুলাই পুলিশ আসামিকে আদালতে হাজির করে রিমাণ্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমাণ্ড চলাকালীন ওই রাতেই রবিউল আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তদন্ত শেষে গত ৪ আগস্ট নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু রবিউলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। এরপর ১১ আগস্ট সাক্ষ্যগ্রহণ সমাপ্ত করে আদালত আজ রায় ঘোষণার দিন ধার্য করেন।

রায় ঘোষণার পর আদালত চত্বরে জড়ো হওয়া নিহত শিশুর স্বজন, শিক্ষার্থী ও সচেতন নাগরিকেরা সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত এই রায় কার্যকরের জোর দাবি জানান।

সারাদেশ সর্বশেষ