প্রেমের সম্পর্কে অবনতি ও কথা-কাটাকাটির জেরে ঘুমের ওষুধ খেয়ে প্রেমিকার মৃত্যুর পরদিন বিষপানে তানভীর হোসেন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুর শহরের চানমারী এলাকায় ছেলেটির বোনের বাসায় এ ঘটনা ঘটে।
মৃত তানভীর হোসেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মফিজদ্দিন খালাসীর ডাঙ্গী (এমপি ডাঙ্গী) গ্রামের বাসিন্দা। তিনি এবার চরভদ্রাসন সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, চরভদ্রাসনের পাশের উপজেলা সদরপুরের একটি গ্রামের বাসিন্দা অষ্টম শ্রেণির এক নারী শিক্ষার্থীর সঙ্গে তানভীরের প্রেমের সম্পর্ক ছিল। গত রোববার (১৬ জুলাই) রাত ১০টার দিকে তানভীরের সঙ্গে তার প্রেমিকার কথা কাটাকাটি হয়। ওই রাতেই ঘুমের ওষুধ খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে যায় প্রেমিকা। বিষয়টি পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে রাতেই উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই হাসপাতালে মেয়েটির মৃত্যু হয়। এই খবর জেনে গতকাল সোমবার (১৭ আগস্ট) দুপুরে ঢাকা থেকে তানভীর তার বোনের ফরিদপুর শহরের ভাড়া বাসা ফরিদপুর শহরের চানমারী আসেন। সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আইসিইউতে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনার পর নিহতের বড় ভাই মো. সাইফুর রহমান (৩৮) বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, বিষপানে তানভীরের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা আমাদেরকে জানিয়েছেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।












