মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলার চণ্ডীখালী গ্রামে খুনের ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার রাতে এ সংঘর্ষের সময় অন্তত ১০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
গয়েশপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ও অপর বিএনপি নেতা আসাদ মোল্লার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
এলাকাবাসী জানান, স্থানীয় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
এ হত্যাকাণ্ডের পর থেকেই উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল।
সোমবার সিরাজুল ইসলাম সমর্থিত ইমদাদুল (৪০) লাঙ্গলবাঁধ বাজার থেকে বাড়ি ফেরার পথে আসাদ মোল্লার সমর্থকদের হামলার শিকার হয়ে আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়লে তা দুই পক্ষের সংঘর্ষে রূপ নেয়।
এ সময় উভয় পক্ষ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। একই সময়ে কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আকুল (৫০), হাসিব (৩০), রহমত (২৫), আলম (৫৫), আমিরুল (৫০), মনিরুল (৬০), রাশেদ (৩২), সোহেল (৩০) ও ওয়াসিম (২২) রয়েছেন।
আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অলি মিয়া বলেন, সংঘর্ষের পরবর্তী সহিংসতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওসি আরও বলেন, খুনের ঘটনায় মামলা হয়েছে। তবে নিহত আমিরুল ইসলামকে উভয় পক্ষই নিজেদের লোক বলে দাবি করছে।












