সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে সাদ্দাম হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ যথাসময়ে ঘটনাস্থলে উপস্থিত না হওয়ার অভিযোগ তুলে মহাসড়কে লাশ রেখে অবরোধ করেছেন স্থানীয়রা। এতে ঢাকা-পাবনা মহাসড়কে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার পাটধারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হোসেন নাটোর জেলার সিংড়া উপজেলার গোয়াল বাথান গ্রামের সাদেক আলীর ছেলে। তিনি পেশায় একজন দুধ ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, নিহত সাদ্দাম হোসেন একজন দুধ ব্যবসায়ী। তিনি একটি পিকআপ নিয়ে সিংড়া থেকে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন। পাটধারী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাদ্দাম হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত হন পিকআপ চালক। দুর্ঘটনার পর স্থানীয়রা একাধিকবার পুলিশকে খবর দিলেও, সময়মতো পুলিশ ঘটনাস্থলে না এসে প্রায় তিন ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে আসে বলে অভিযোগ করেন তারা।
স্থানীয়দের অভিযোগ, দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাদ্দাম হোসেনকে উদ্ধার করলে হয়তো বাঁচানো সম্ভব হতো। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিহতের মরদেহ মহাসড়কে রেখে অবরোধ করেন স্থানীয়রা।
তবে পুলিশের বিরুদ্ধে ওঠা অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ডিউটি অফিসার সানোয়ার হোসেন। তিনি বলেন, জরুরি সেবার মাধ্যমে দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই কিশোর কুমার পাল জানান, বিষয়টি আমরা তাৎক্ষণিকভাবে না জানায় ঘটনাস্থলে পৌঁছাতে একটু বিলম্ব হয়। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছিল। পরে তাদের বিষয়টি বুঝিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে নিহত পরিবারের কাছে হস্তান্তর করেছেন তারা।












