কুমিল্লামঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে থানার সামনে গাড়ি পার্কিং নিয়ে বাগ্‌বিতণ্ডা-গুলি

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ১৮, ২০২৬ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গায় হাইওয়ে থানার সামনে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে পিস্তল দিয়ে প্রকাশ্যে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে এক অজ্ঞাত যুবকের বিরুদ্ধে। এ ঘটনার ২৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, খয়েরি রঙের একটি প্রাইভেটকারের ভেতর থেকে এক যুবক পিস্তল বের করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়েন। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেও দেখা যায়। গুলির শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কোন কিছু বুঝতে না পেরে অনেকে দৌড়ে নিরাপদ স্থানে সরে যান।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী ওই প্রাইভেটকারটি ভাঙ্গা হাইওয়ে থানার সামনে মহাসড়কের মাঝখানে পার্কিং করা হয়। এ সময় স্থানীয় কয়েকজন যুবক গাড়িটি সড়কের পাশে সরিয়ে পার্কিং করতে বলেন। এ নিয়ে গাড়িতে থাকা এক যুবক ও এক তরুণীর সঙ্গে স্থানীয়দের বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে গাড়িতে থাকা তরুণী নেমে স্থানীয় এক যুবককে থাপ্পড় দেন। পরে আরও কয়েকজন স্থানীয় যুবক সেখানে এগিয়ে এলে ওই যুবক গাড়িতে উঠে একটি ব্যাগ থেকে পিস্তল বের করেন। এরপর পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজওয়ান দিপু বলেন, গুলিবর্ষণের ভিডিওটি পুলিশ পেয়েছে। তবে ভিডিওটি ভাঙ্গার ঘটনার কি না, তা যাচাই করা হচ্ছে। পাশাপাশি ভিডিও দেখে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। ঘটনা ও ভিডিওটি যাচাই-বাছাই করে দ্রুত অভিযুক্তকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।