ফরিদপুরে প্রেমিকার মৃত্যুর খবর শুনে শোক সহ্য করতে না পেরে তানভীর হোসেন (১৯) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় শহরের কমলাপুর চানমারী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তানভীর হোসেন চরভদ্রাসন উপজেলার মফিজদ্দিন খালাসীর ডাঙ্গী (এমপি ডাঙ্গী) গ্রামের মৃত মো. আশরাফ হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার তানভীর হোসেন ফরিদপুর শহরের কমলাপুরে তার বোন তানজিলা আক্তারের বাসায় বেড়াতে আসেন। সেখানে এসে তার প্রেমিকার স্ট্রোকজনিত কারণে আকস্মিক মৃত্যুর খবর জানতে পারেন তানভীর। প্রেমিকার মৃত্যুর শোক সহ্য করতে না পেরে সন্ধ্যার দিকে তার বোন তানজিলার বাসার বাইরে গিয়ে বিষ পান করেন। পরে তার বোনের বাসায় এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। পরে নিহতের বড় ভাই মো. সাইফুর রহমান (৩৮) তার মা ছালেহা বেগমকে সাথে নিয়ে কোতয়ালী থানায় উপস্থিত হয়ে লিখিতভাবে একটি অপমৃত্যুর সংবাদ জমা দেন।
নিহত তানভীর হোসেনের বোন তানজিলা আক্তার জানান, তানভীরের সাথে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। স্ট্রোকজনিত কারণে আকস্মিকভাবে মেয়েটির মৃত্যু হয়। শোক সহ্য করতে না পেরে তানভীর বিষপান করে। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করার মৃত্যু হয়।
এ বিষয়ে ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, নিহতের বড় ভাই সাইফুর রহমান থানায় হাজির হয়ে অপমৃত্যুর তথ্য জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।












