গ্রেপ্তারের প্রায় দেড় বছর পর জামিনে কারামুক্ত হয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তিনি দিনাজপুর জেলা কারাগার থেকে মুক্তি পান। এর আগে একই দিন ঠাকুরগাঁওয়ের একটি আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সাবেক এই সংসদ সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর জমি দখল ও চাঁদাবাজি সংক্রান্ত মামলায় দবিরুল ইসলাম গ্রেপ্তার হন। একই মামলায় তাঁর ছেলে এবং ওই আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনও গ্রেপ্তার হয়েছিলেন। তবে তিনি এখনো দিনাজপুর কারাগারে রয়েছেন বলে জানা গেছে।
এদিকে পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিন কারাবন্দী থাকার কারণে দবিরুল ইসলামের শারীরিক অবস্থা উল্লেখযোগ্যভাবে অবনতি হয়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। পরিবারের অভিযোগ, কারাগারে পর্যাপ্ত চিকিৎসাসেবা না পাওয়ায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং চলাফেরার সক্ষমতাও কমে গেছে।
উল্লেখ্য, চলতি মাসের ৭ ফেব্রুয়ারি দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ অবস্থায় মারা যান ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন।












