মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশীদ জানিয়েছেন, সচিবালয়ে অনুষ্ঠিত আজকের বৈঠকে ঈদের আগেই পরীক্ষামূলক (পাইলট) ভিত্তিতে ফ্যামিলি কার্ড চালুর সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিক ধাপে প্রকল্প বাস্তবায়নের জন্য কয়েকটি জেলা ও উপজেলার তালিকাও নির্ধারণ করা হয়েছে। শুরুতে হতদরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে এই সুবিধার আওতায় আনা হবে এবং পরে ধাপে ধাপে পরিসর বাড়ানো হবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রাথমিকভাবে নগদ সহায়তা দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বিশেষ করে হতদরিদ্র পরিবারের নারীদের হাতে নগদ সহায়তা পৌঁছালে তা পরিবারের প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী এক-দুই দিনের মধ্যে প্রথম ধাপে কতজন উপকারভোগী থাকবেন, সেটি চূড়ান্ত করা হবে।
এদিকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রম এগিয়ে নিতে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। সহায়তার টাকার অঙ্ক এখনো নির্ধারিত হয়নি। তিনি বলেন, শুরুতে কর্মবিমুখ নারী ও বিধবাদের অগ্রাধিকার দেওয়া হবে; পরে পর্যায়ক্রমে আরও মানুষকে এই কর্মসূচির আওতায় আনা হবে।












