বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঢাকা ও মালের সম্পর্ক, ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহামেদ মুইজ্জু।
বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানের পর বৈঠক করেন দুই নেতা।
মঙ্গলবার (১৭, ফেবরুয়ারী) রাতে বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানের পর এক বৈঠকে এ কথা বলেন ড. মোহামেদ মুইজ্জু।
বৈঠকে বাংলাদেশে সদ্য অনুষ্ঠিত ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়লাভের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অভিনন্দন জানান মালদ্বীপের প্রসিডেন্ট।
এসময় তিনি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাথে সহযোগিতার প্রতি মালদ্বীপের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার শপথ অনুষ্ঠানে যোগদানের জন্য প্রসিডেন্ট মুইজ্জুকে ধন্যবাদ জানান।
একইসাথে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য, পরিবেশগত বিষয়, উচ্চশিক্ষা এবং দুই দেশের মধ্যে বিমান চলাচলের ক্ষেত্রে সহযোগিতা নিয়ে উভয়ের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
প্রেসিডেন্টের কার্যালয় জানায়, এই সফরটি প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু’র বাংলাদেশে তার প্রথম সরকারি সফর।
দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় ১৯৭৮ সালের ২২ সেপ্টেম্বর।
এছাড়াও বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর নিজের এক্স হ্যান্ডলে মোহাম্মদ মুইজ্জু লিখেছেন, আজ ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার নেতৃত্বাধীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান প্রত্যক্ষ করতে পেরে আমি আনন্দিত।
তারেক রহমানের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন,নবগঠিত সরকারকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছি এবং মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যকার ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে, এমন প্রত্যাশাও ব্যক্ত করছি।












