কুমিল্লাসোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন চাপ উপেক্ষা করে ইউরেনিয়াম কর্মসূচি অব্যাহত রাখার ইঙ্গিত ইরানের

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের সামরিক চাপ ও যুদ্ধের হুমকির মধ্যেও পারমাণবিক অবস্থানে অনড় থাকার বার্তা দিয়েছে ইরান। ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে নিজেদের সার্বভৌম অধিকার উল্লেখ করে তেহরান স্পষ্ট করে জানিয়েছে যে এই অধিকার থেকে তারা কখনোই সরে আসবে না।

সংবাদমাধ্যম আল আরাবিয়া বলছে, যুদ্ধ চাপিয়ে দেয়া হলেও ইরান কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার ছেড়ে দেবে না, এ কথা স্পষ্ট করে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার (৮ ফেব্রুয়ারি) তেহরানে এক ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি যুক্তরাষ্ট্রের চাপকে সরাসরি চ্যালেঞ্জ জানান।

আরাগচি বলেন, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ইরানকে অনেক বড় মূল্য দিতে হয়েছে। তার ভাষায়, ‘ইরান তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য খুবই চড়া মূল্য দিয়েছে।’

তিনি প্রশ্ন তোলেন, ‘যুদ্ধ আমাদের ওপর চাপিয়ে দেয়া হলেও আমরা কেন এতো জোর দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনড় থাকি এবং কেন তা ছাড়তে অস্বীকৃতি জানাই? কারণ আমাদের আচরণ কী হবে, তা নির্ধারণ করার অধিকার কারও নেই।’

ওমান সফরে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাতের দুই দিন পর এসব কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে তিনি বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবহর মোতায়েন ইরানকে ভয় দেখাতে পারেনি।

আরাগচি বলেন, ‘এই অঞ্চলে তাদের সামরিক বাহিনী ও সরঞ্জাম মোতায়েন আমাদের ভয় দেখাতে পারে না’। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ‘আব্রাহাম লিংকন’ পরিদর্শনের পর এই মন্তব্য করেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু হওয়ার আশাবাদ ব্যক্ত করলেও সে বিষয়ে স্পষ্ট লাল দাগ টেনে দিয়েছে ইরান। তেহরানের ভাষ্য, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনোভাবেই আলোচনার টেবিলে আসবে না। একইসঙ্গে ইরানের ভূখণ্ডে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোই লক্ষ্যবস্তু হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে। আলোচনার আড়ালে চলা চাপ, নিষেধাজ্ঞা আর সামরিক সক্ষমতা প্রদর্শনের মধ্যেই এগোচ্ছে এই কূটনৈতিক টানাপোড়েন।

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শিগগিরই আবারও শুরু হবে বলে তিনি আশা করছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওমানে মধ্যস্থতামূলক আলোচনার পর আগামী সপ্তাহে আরেক দফা বৈঠকের প্রতিশ্রুতি দিয়েছেন। শনিবার আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, শুক্রবারের আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ‘কখনোই আলোচনার বিষয় ছিল না’। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ভূখণ্ডে হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

তিনি জানান, মাসকাটে হওয়া আলোচনা পরোক্ষ হলেও ‘আমেরিকান প্রতিনিধিদলের সঙ্গে করমর্দনের একটি সুযোগ তৈরি হয়েছিল’। তার মতে, এই আলোচনা ‘ভালো একটি সূচনা’ ছিল, তবে আস্থা গড়ে তুলতে ‘এখনও অনেক পথ পাড়ি দিতে হবে’।