ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আকাশছোঁয়া মূল্যে মুস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে দেশটির কিছু উগ্রপন্থির চাপে বাংলাদেশি এই পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা। এবার চড়া দামে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে বিক্রি হলেন মুস্তাফিজ। PauseMute
বাংলাদেশের এই পেসারকে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে কিনে নিয়েছে লাহোর কালান্দার্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ কোটি ৮১ লাখ টাকারও বেশি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এই তথ্য জানায় কালান্দার্স।
পোস্টে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান, যিনি ২০১৬ আর ২০১৮ সালেও খেলেছিলেন, তাকে আমরা সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছি এবং পরিবারে ফিরে পেয়েছি। একবারের কালান্দার, সবসময়ই একজন কালান্দার। ‘
লাহোর পিএসএলের বর্তমান চ্যাম্পিয়ন দল। গত মৌসুমে এই দলটির হয়ে খেলেছেন বাংলাদেশের এক ঝাঁক ক্রিকেটার। তাদের মধ্যে আছেন- সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। চলতি মৌসুমে ৪ জন ক্রিকেটারকে ধরে রেখেছে লাহোর। যদিও এর মধ্যে বাংলাদেশের কেউ নেই।
আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে পিএসএলের ১১তম আসর। মুস্তাফিজুর রহমান এর আগে তিনবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের হয়ে ৫টি পিএসএল ম্যাচে অংশ নিয়ে ৪টি উইকেট নিয়েছেন।
লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা মোস্তাফিজের প্রত্যাবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এই পেসারের সঙ্গে দলের দীর্ঘদিনের সম্পর্ক এবং পিএসএলের ১১তম আসরে শিরোপা ধরে রাখার লক্ষ্য পূরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একবার কালান্দার, মানেই সবসময় কালান্দার। মোস্তাফিজ শুধু একজন খেলোয়াড় নন, তিনি আমাদের পরিবারেরই একজন সদস্য।’
তিনি আরও বলেন, ‘তাকে আবার ড্রেসিংরুমে স্বাগত জানাতে পেরে আমরা রোমাঞ্চিত। তার অভিজ্ঞতা, দক্ষতা ও খেলার প্রতি নিবেদন পিএসএলের ১১তম আসরে আমাদের শিরোপা ধরে রাখার লড়াইয়ে বড় ভূমিকা রাখবে।’
এরই মধ্যে লাহোর কালান্দার্স তাদের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ধরে রেখেছে। এর মধ্যে রয়েছেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, টপ-অর্ডার ব্যাটার আবদুল্লাহ শফিক, অলরাউন্ডার সিকান্দার রাজা এবং উদীয়মান প্রতিভা মোহাম্মদ নাঈম।
শাহিন আফ্রিদিকে প্লাটিনাম ক্যাটাগরিতে রাখা হয়েছে, যার পারিশ্রমিক ৭ কোটি রুপি। ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা আবদুল্লাহ শফিক পাবেন ২ কোটি ২০ লাখ রুপি। গোল্ড ক্যাটাগরিতে থাকা সিকান্দার রাজা পাচ্ছেন ২ কোটি ৮০ লাখ রুপি, আর ইমার্জিং ক্যাটাগরিতে নির্বাচিত মোহাম্মদ নাঈমের পারিশ্রমিক ৭০ লাখ রুপি।
আসন্ন নিলামের জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে দেওয়া হয়েছে মোট ৪৫ কোটি রুপির বাজেট। এখন পর্যন্ত রিটেইন করা খেলোয়াড় ও মোস্তাফিজের ডাইরেক্ট সাইনিং মিলিয়ে লাহোর কালান্দার্স খরচ করেছে ১৯ কোটি ১৪ লাখ রুপি।












