কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬০০ অবৈধ অভিবাসী আটক

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বিভিন্ন দেশের প্রায় ৬০০ অবৈধ অভিবাসীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ৮৫ জন বাংলাদেশি রয়েছেন বলে অভিবাসন বিভাগের বিবৃতিতে জানানো হয়েছে।

শনিবার স্থানীয় সময় ভোর পাঁচটায় কেলাং মেরুর একটি সেন্ট্রাল মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শনিবার সকালে ক্লাং মেরুর সেন্ট্রাল মার্কেট কমপ্লেক্সে অভিযান চলাকালীন চারপাশের পরিবেশ অস্থির হয়ে ওঠে এবং অভিবাসীরা ছোটাছুটি শুরু করে। এ সময় কিছু অভিবাসী বাঁচার জন্য ড্রেনে, টেবিলের নিচে লুকিয়ে পড়ে এবং এলাকা থেকে পালানোর চেষ্টা করে।

ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা জানান, অভিযানে বিভিন্ন অভিবাসন অপরাধে ৬৩০ জন বিদেশিকে আটক করা হয়েছে এবং তল্লাশির পর ৩২ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

আটককৃতদের মধ্যে ১৭ থেকে ৫৭ বছর বয়সী ৬২৮ জন পুরুষ এবং দুইজন নারী রয়েছেন। এদের মধ্যে ৫৩০ জন মিয়ানমারের নাগরিক, ৮৫ জন বাংলাদেশি, নয় জন ইন্দোনেশিয়ান, পাঁচ জন ভারতীয় এবং একজন নেপালি অবৈধ অভিবাসী রয়েছেন।

জাফরি আরও বলেন, আটককৃতরা ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের অধীনে বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি অবস্থান করায় তাদের আটক করা হয়।

তদন্তে আরও জানা গেছে, কিছু অবৈধ অভিবাসী তাদের নিজস্ব তত্ত্বাবধানে দোকান পরিচালনা করছিলেন এবং কেউ কেউ মূল মালিকদের কাছ থেকে ভাড়া নিয়ে দোকান চালাচ্ছিলেন। তাদের কোনো বৈধ নথিপত্র ছিল না। আরও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আটকদের সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।