ডেস্ক রিপোর্ট:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি শুধু মঞ্চেই নন, রাজপথেও সরব ছিলেন। ছাত্র-জনতার আন্দোলন সফল হওয়ার পরও তিনি নীরব থাকেননি। তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন এবং দেশে নৈরাজ্য ও দুষ্কৃতকারীদের মোকাবিলায় সবাইকে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।
চমক মনে করেন, যদি ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকার (শেখ হাসিনা সরকার) পতন না ঘটত, তাহলে আন্দোলনকারীদের দেশদ্রোহীতার অভিযোগে নিশ্চিহ্ন করে দেওয়া হতো। তিনি এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
এদিকে, শনিবার এক ফেসবুক পোস্টে তিনি নতুন করে দেশ গড়ার জন্য সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমরা চাই এই দেশে মানুষ শান্তি ও নিরাপত্তার মধ্যে বসবাস করুক। তবে গুটিকয়েক সুবিধাবাদী ও অসাধু ব্যক্তি এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা দেশপ্রেমিক মানুষের আবেগ নিয়ে খেলছে। ক্ষমতার মোহে কিছু মানুষ তাদের বিবেক ও জ্ঞান হারিয়ে ফেলেছে। আমরা সাধারণ মানুষ ক্ষমতা বা অর্থ-বিত্ত চাই না, আমরা শুধু চাই দেশটা ভালো থাকুক, মানুষ ভালো থাকুক।’
তিনি আরও লিখেছেন, ‘সবাই নিজ নিজ অবস্থান থেকে আরও সহনশীল ও দয়াশীল হোন। আমি জানি, কিছু মানুষ ক্ষমার অযোগ্য। তবুও আইন নিজ হাতে তুলে নেওয়া কখনোই দেশের জন্য ভালো উদাহরণ হতে পারে না। ঊর্ধ্বে একজন আছেন, তিনি নিশ্চয়ই সঠিক সময়ে সঠিক বিচার করবেন। আমরা সবাই মিলে দেশটাকে নতুনভাবে গড়ে তুলি। আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হই এবং একসাথে এগিয়ে যাই।’












