আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ উপলক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত শিক্ষকদের মধ্যকার একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়৷ ম্যাচটিতে সুপার ওভারে সবুজ দলের বিপক্ষে ৯ রানে জয়লাভ করে লাল দল৷
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়৷
এই ম্যাচে ব্যবসায় শিক্ষা, আইন ও প্রকৌশল অনুষদের শিক্ষকদের সমন্বয়ে গঠিত হয় লাল দল৷ অন্যদিকে, সামাজিক বিজ্ঞান, কলা ও বিজ্ঞান অনুষদের শিক্ষকদের সমন্বয়ে গঠিত হয় সবুজ দল৷
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে লাল দলের ব্যাটাররা ১৫ ওভারে করে ১২৮ রান৷ দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন জাহিদ হাসান৷
অন্যদিকে ১২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে জয় রাজবংশীর ৩৬, মো: নাহিদুল ইসলামের ২৮ ও কাজী এম. আনিছুল ইসলামের ২৪ রানের সুবাদে শেষ বলে ম্যাচ ড্র করে সবুজ দল৷
পরবর্তীতে সুপার ওভারে লাল দল ১৮ রানের টার্গেট দেয় সবুজ দলকে৷ তাতেই নয় রানে পরাজয় ঘটে সবুজ দলের৷
খেলা শেষে ক্রীড়া কমিটির আহ্বায়ক মোহাম্মদ আইনুল হক বলেন, আমাদের এই কমিটি গত এক বছর ধরে কাজ করে যাচ্ছে৷ আমাদের খেলাধুলার ইভেন্টগুলোর জন্য উপাচার্য স্যারকে অনেক ধন্যবাদ৷ তিনি প্রতিবারই আমাদের বিশেষভাবে উৎসাহিত করেছেন এই ক্ষেত্রে৷ পাশাপাশি অনুষদগুলোর ডিন স্যারদেরও কৃতজ্ঞতা জানাই।
উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, যে শিক্ষকরা শুধু ক্লাসে পড়ান আর নিজেদের রিসার্চ নিয়ে ব্যস্ত থাকেন তারাও যেই উৎসাহ নিয়ে ক্রিকেট খেলেছেন তা দারুন। শিক্ষকদের মধ্যকার বন্ধন জোরদার করতে এই ধরনের আয়োজন জরুরি৷












