ডেস্ক রিপোর্ট : রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ হাইওয়েতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) আবু সায়েদ ওসামা নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা আরও দুইজন আহত হয়।
রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নগরীর গোদাগাড়ী থানার দেওয়াপাড়া ইউনিয়নের চাপাল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম. তারেক নূর।
নিহত শিক্ষার্থীর হলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাসা রাজশাহী জেলার চন্দ্রিমা থানার মেহেরচন্ডী গ্রামে। বাবার নাম আব্দুস সালাম।
দুর্ঘটনায় আহত অপর দুজন হলেন- মো. আলীম ইসলাম (২২) ও মো. সাগর (২৮)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার বিকেলে ওসামাসহ ৩ জন মোটরসাইকেলে করে রাজবাড়ীহাট যাচ্ছিলেন। পথে একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক ওসামাসহ ৩ আরোহী গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮নং ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টায় ওসামার মৃত্যু হয়। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর বলেন, আমরা খবর পেয়ে রামেকে যোগাযোগ করি এবং দ্রুত সময়ে চিকিৎসার ব্যবস্থা করি। বেলা ৪টায় কর্তব্যরত চিকিৎসক ওসামাকে মৃত ঘোষণা করেন। আমরা ওই ছাত্রের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছি।
গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ আমরা খুঁজে দেখছি।












