কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লিটারে ৮ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের মূল্য

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ৯, ২০২৪ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

সরকার বোতলজাত সয়াবিন তেলের নতুন সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করেছে। নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের মূল্য ৮ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়। নতুন দাম অনুসারে, বোতলজাত সয়াবিন তেল ১৭৫ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৫৭ টাকায় বিক্রি হবে। এর আগে বোতলজাত সয়াবিন তেলের মূল্য ছিল ১৬৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ছিল ১৪৯ টাকা।

এর আগে হঠাৎই খোলা বাজারে সয়াবিন তেলের সংকট তৈরি হয়। কোম্পানিগুলো কারসাজি করে এমনটি করেছে বলে সংশ্লিষ্টদের ধারণা। শুক্রবার (৬ ডিসেম্বর) ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বাড়তি দামেও সয়াবিন তেল পাননি অনেক ক্রেতা।

বিশেষজ্ঞরা বলেন, সেই পুরোনো চেনাজানা সিন্ডিকেট বাজার থেকে বাড়তি মুনাফা হাতিয়ে নিতে কারসাজি শুরু করেছে। মিল পর্যায় থেকে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে ডিলারের কাছে সরবরাহ কমিয়েছে। এতে ডিলার থেকে খুচরা বাজারে সরবরাহ কমেছে। তাই বাড়তি দামেও চাহিদামতো তেল পাচ্ছেন না খুচরা বিক্রেতারা। এতে বাজার থেকে এক প্রকার উধাওই হয়েছে বোতলজাত সয়াবিন তেল। তেল না পেয়ে বিপাকে পড়ছেন ভোক্তারা। রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে ক্রেতা ও ভোক্তাদের সঙ্গে কথা বলে সয়াবিন তেলের সংকটের বিষয়টি জানা যায়।

সয়াবিন তেলের এই সংকটে বিপাকে পড়েছেন ক্রেতা-বিক্রেতা উভয়েই। বাজার করতে আসা অনেক ক্রেতা তেল কিনতে এসে খালি হাতেই ফিরেছেন। কেউ কেউ সয়াবিন তেল না পেয়ে কিনেছেন রাইস ব্র্যান তেল।

রাজধানীর একাধিক কাঁচাবাজারের বিভিন্ন মুদি দোকান ঘুরে দেখা যায়, বেশিরভাগ দোকানে বোতলজাত ভোজ্যতেল নেই। এক-দুই বা তিন লিটারের বোতলজাত তেল পাওয়া গেলেও পাঁচ লিটারের তেল খুবই সীমিত। অনেক দোকানি শুধু নিয়মিত ও পরিচিত ক্রেতাদের কাছে তেল বিক্রি করছেন। সংকট দেখিয়ে ভোক্তার কাছে অতিরিক্ত দাম নেওয়ারও অভিযোগ রয়েছে। কিছু ক্ষেত্রে খোলা বা লুজ তেল বিক্রি করছেন অনেক দোকানি। তবে অনেক দোকানে সূর্যমুখী ও রাইস ব্র্যান তেল (চালের কুড়ার তেল) পাওয়া যাচ্ছে। সয়াবিনের সংকটে এসব তেলের চাহিদা বেড়েছে।