ডেস্ক রিপোর্ট:
দেশের দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের রূপ ও লাবণ্য সমানতালে ধরে রেখেছেন।
দিন যতই যাচ্ছে, রুনার বয়স যেন উল্টো কমছে! ৪১ বছর বয়সেও তার রূপের দ্যুতি ভক্তদের মুগ্ধ করে যাচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তার একের পর এক চমকপ্রদ ছবি ভক্তদের তাক লাগাচ্ছে।
বর্তমানে চল্লিশের কোঠায় পা দেওয়া রুনা খান এখনও সমান আবেদনময়ী। সম্প্রতি একটি ভিডিওতে তাকে নিজের বয়সের সৌন্দর্য ও লাবণ্য নিয়ে অকপটে কথা বলতে দেখা গেছে।
সাক্ষাৎকারে মজার ছলে প্রশ্ন ওঠে, এই বয়সেও কি কেউ তাকে দুষ্টু বার্তা বা প্রস্তাব পাঠায়? হেসে রুনা বললেন, “আমার সমবয়সি অপূর্ব, নিশো। ওরাও তো দেখতে আকর্ষণীয়। তাদের এই প্রশ্ন করা হয় না, কেননা তাদের পরিবার আছে, সন্তান আছে। তবে ৪০-৪২ বছর বয়সী অপূর্ব বা শুভ আকর্ষণীয় হলে, ৪০-৪২ বছর বয়সী রুনা খান কিংবা বাঁধনরাও আকর্ষণীয় হতে পারে। বিষয়টা একই।”
তিনি আরও বলেন, “আমরা নারীদের ব্যাপারে নানা ধরনের প্রশ্ন করতে অভ্যস্ত। এটি আমাদের চিন্তার সীমাবদ্ধতা।”
রুনা আশা করেন, সুযোগ পেলে বয়স ৮০ ছাড়িয়েও অভিনয় ও মডেলিং চালিয়ে যাবেন। তার কথায়, “আমার কাছে সৌন্দর্যের প্রতীক আমার মা। এছাড়াও শর্মীলা আহমেদ আন্টি, দিলারা জামান – তারা আশি বছর বয়সেও কাজ করেছেন। আমি যদি সুস্থ থাকি এবং বাঁচি, তাহলে ওনাদের মতো হতে চাই। তাদের মতো আমিও কাজ করতে চাই।”
কয়েক বছর আগে রুনা খান নিজের ওজন কমিয়ে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। ৪১ বছর বয়সেও সমানতালে রূপের দ্যুতি ছড়াচ্ছেন। কখনও সাহসী রূপে নিজেকে মেলে ধরে ভক্তদের চমকে দেন। বিতর্ক হলেও তিনি এসব তোয়াক্কা করেন না। নিজের মতো এগিয়ে গিয়ে সাফল্য অর্জন করে চলেছেন।
উল্লেখ্য, কিছুদিন আগেই কাজল আরেফিন অমির ওয়েব কনটেন্ট ‘অসময়’-এ অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছেন রুনা। তার মতে, ‘অসময়’ তাকে নতুন ‘সুসময়’ এনে দিয়েছে। বর্তমানে তিনি ওয়েব কনটেন্টের পাশাপাশি ধারাবাহিকভাবে সিনেমায় কাজ করছেন।












