ডেস্ক রিপোর্ট:
স্কচটেপ দিয়ে দেওয়ালে আটকানো একটি সাধারণ কলা, যা ইতালির শিল্পী মরিজিও ক্যাটেলান শিল্পকর্মে রূপান্তরিত করেছিলেন, তা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই অদ্ভুত শিল্পকর্মটি নিলামে বিক্রি হয় ৬২ লাখ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪ কোটি টাকা।
চীনা বংশোদ্ভূত ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী জাস্টিন সান এই ‘শিল্পকর্ম কলাটি’ নিলামে কেনেন। নিলামের সময় তিনি মজা করে বলেছিলেন, কলাটি তিনি খেয়ে ফেলবেন। পরবর্তীতে তিনি সেই কথা রেখেছেন এবং সত্যিই কলাটি খেয়ে ফেলেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, হংকংয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে জাস্টিন সান ৭৪ কোটি টাকায় কেনা এই কলাটি খান।
মরিজিও ক্যাটেলান ২০১৯ সালে প্রথমবার এই ব্যতিক্রমী শিল্পকর্মটি তৈরি করেন। প্রদর্শনীর সময় প্রতিবারই এই কলাটি পরিবর্তন করা হয়। জাস্টিন সান মূলত এই শিল্পকর্মের প্রদর্শনীর স্বত্ব কিনেছেন এবং এটি প্রদর্শনের নিয়মাবলীও নির্ধারিত রয়েছে।
সম্প্রতি নিলামে ওঠার আগে প্রদর্শনীতে ব্যবহৃত কলাটি ৪২ টাকায় কেনা হয় এক বাংলাদেশি বিক্রেতার কাছ থেকে। তবে এটি খেয়ে ফেলার ঘটনা নতুন নয়। ২০১৯ সালে এক পারফরম্যান্স আর্টিস্ট এবং ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার এক শিক্ষার্থী প্রদর্শনীতে থাকা কলাটি খেয়ে ফেলেছিলেন, যদিও তাদের জন্য কোনো অর্থ দিতে হয়নি।
জাস্টিন সান, যিনি ক্রিপ্টোকারেন্সি ব্যবসার জন্য একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন, ধারণা করা হচ্ছে নিজের প্রতিষ্ঠানের প্রচারের উদ্দেশ্যে এই উচ্চমূল্যে শিল্পকর্মটি কিনেছিলেন।












