বঙ্গোপসাগরে আয়োজিত ভারতীয় নৌবাহিনীর বৃহৎ সামুদ্রিক মহড়া ‘মিলান ২০২৬’ সমাপ্ত হয়েছে। সপ্তাহব্যাপী এ মহড়ায় ৪২টি যুদ্ধজাহাজ ও সাবমেরিন এবং ২৯টি সামরিক বিমান অংশ নেয়। নৌ-সহযোগিতা ও কৌশলগত সমন্বয় জোরদারের লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মহড়ায় ভারতসহ বন্ধুত্বপূর্ণ ১৮টি দেশের নৌযান অংশগ্রহণ করে। বিশাখাপত্তনম উপকূলে ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত–এ অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান।
‘বন্ধুত্ব, সহযোগিতা ও সমন্বয়’ প্রতিপাদ্যে আয়োজিত এ মহড়ায় নজিরবিহীন আন্তর্জাতিক অংশগ্রহণের কথা জানিয়েছে ভারতীয় নৌবাহিনী। বিভিন্ন দেশের নৌবাহিনীর মধ্যে সমন্বিত কার্যক্রম ও পারস্পরিক সক্ষমতা বৃদ্ধিই ছিল মূল লক্ষ্য।
মহড়ার শুরুতে ‘হারবার ফেজ’-এ দ্বিপক্ষীয় বৈঠক, আন্তর্জাতিক সামুদ্রিক সেমিনার ও বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। পরে ‘সি ফেজ’-এ সমন্বিত আকাশ প্রতিরক্ষা, সাবমেরিনবিরোধী অভিযান, সমুদ্রপথে কৌশলগত অপারেশন, যোগাযোগ মহড়া এবং ক্রস-ডেক উড্ডয়নসহ উন্নত সামরিক কৌশলের অনুশীলন করা হয়। সরাসরি গোলাবর্ষণ মহড়ায় কামান ও বিমানবিধ্বংসী অস্ত্র ব্যবহৃত হয়।
ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রের সামুদ্রিক নজরদারি বিমানও মহড়ায় অংশ নেয়। ভারতের পক্ষ থেকে আইএনএস বিক্রান্ত ছাড়াও বিশাখাপত্তনম শ্রেণির ডেস্ট্রয়ার, নীলগিরি প্রকল্পের ফ্রিগেট এবং ডাইভিং সাপোর্ট ভেসেল আইএনএস নিস্তারসহ বিভিন্ন যুদ্ধজাহাজ অংশ নেয়।
মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর নৌবাহিনী যৌথ পরিকল্পনার মাধ্যমে একাধিক সমন্বিত মিশন সফলভাবে সম্পন্ন করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।












