আকাশপ্রেমীদের জন্য আসছে বিরল মহাজাগতিক দৃশ্য। আগামী মঙ্গলবার (৩ মার্চ) বছরের প্রথম চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে, যা হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। একই দিনে পূর্ণিমা থাকায় চাঁদ ধারণ করবে বিশেষ রক্তিম বা তামাটে আভা—যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ২০২৬ সালের প্রথম চন্দ্রগ্রহণটি পূর্ণগ্রাস আকারে ঘটবে। গ্রহণ চলাকালে পৃথিবীর ছায়ায় ঢেকে গিয়ে চাঁদ লালচে রঙ ধারণ করবে, যা খালি চোখেই নিরাপদে দেখা সম্ভব।
ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে গ্রহণটি দৃশ্যমান হবে। বাংলাদেশ থেকেও এটি আংশিকভাবে দেখা যাবে। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪ মিনিটে গ্রহণ শুরু হয়ে ৬টা ৩ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। দেশে প্রায় ৫৯ মিনিট দৃশ্যমান থাকলেও বৈশ্বিকভাবে গ্রহণের প্রক্রিয়া আরও দীর্ঘ সময় ধরে চলবে।
পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে। এছাড়া উত্তর ও মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার পশ্চিমাংশে ভোরের আকাশে এ দৃশ্য উপভোগ করা যাবে। তবে ইউরোপ ও আফ্রিকার অধিকাংশ অঞ্চল থেকে গ্রহণটি দেখা যাবে না।
জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, বিশেষ কোনো সুরক্ষা ছাড়াই খালি চোখে চন্দ্রগ্রহণ দেখা নিরাপদ। তাই বছরের প্রথম ‘ব্লাড মুন’ ঘিরে আগ্রহ বাড়ছে বিশ্বজুড়ে।












