আগামী ২ মার্চ যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভোটার দিবস উদযাপন করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রস্তুতি চলছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, মন্ত্রিপরিষদ বিভাগ জাতীয় ভোটার দিবস হিসেবে ২ মার্চ নির্ধারণ করেছে। খুব শিগগিরই দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত করা হবে।
এ বিষয়ে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বলেন, প্রতি বছরের মতো এবারও দিবসটি যথাযথ গুরুত্বের সঙ্গে পালন করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।












