কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২৫ বছর পর জামালপুর সফরে জামায়াতের আমির, কাল জনসভা

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ৩১, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

সর্বশেষ ২০০১ সালে জামালপুরে জনসম্মুখে বড় ধরনের সভা করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘ ২৫ বছর পর আবারও জামালপুরে বড় জনসভা করতে যাচ্ছে দলটি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণার ১১তম দিনে আগামীকাল রোববার (১ ফেব্রুয়ারি) জামালপুরে নির্বাচনি জনসভায় অংশ নিতে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকেই শহরের সিংহজানি হাইস্কুল স্কুল মাঠে জনসভা উপলক্ষে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি কার্যক্রম চলছে। আগামীকাল দুপুরে ওই মাঠেই দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশে বক্তব্য দেবেন জামায়াত আমির।

জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে বলে আশা করছে দলটি। জনসভাকে ঘিরে নিরাপত্তা, শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে মাঠে মঞ্চ নির্মাণসহ প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ চলমান রয়েছে। ব্যস্ত সময় পার করছেন দলীয় নেতা-কর্মী ও স্বেচ্ছাসেবকরা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারি আব্দুল আওয়াল বলেন, আমাদের কেন্দ্রীয় আমির আগামীকাল প্রধান অতিথি হিসেবে জাতির উদ্দেশে এই মাঠে ভাষণ দেবেন। রাত থেকেই প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছি। আশা করছি আজ সন্ধ্যার মধ্যেই সব প্রস্তুতি শেষ হবে। নিরাপত্তা বাহিনীর সদস্যরাও আমাদের সঙ্গে যোগাযোগ রেখে সহযোগিতা করছেন।

জেলা জামায়াতের আমির মো. আব্দুস সাত্তার বলেন, সারা জেলা থেকে প্রায় ৫০ হাজার নেতা-কর্মী জনসভায় উপস্থিত থাকবেন। পাশাপাশি বিপুল সংখ্যক সমর্থকও যোগ দেবেন। সব মিলিয়ে লক্ষাধিক মানুষের সমাগমের আশা করছি।