ডেস্ক রিপোর্ট:
ক্যারিয়ারের বড় একটি অংশ চোটের কারণে মাঠের বাইরে কাটিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলের পোস্টার বয় নেইমার জুনিয়র। তবে এবার নিজের ফুটবল ভবিষ্যৎ নিয়ে পরিষ্কার পরিকল্পনার কথা জানালেন তিনি। জানিয়েছেন, ২০২৬ সালের বিশ্বকাপই হবে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।
সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘২০২৬ বিশ্বকাপই আমার শেষ বিশ্বকাপ হতে চলেছে। এটিকে আমি আমার শেষ সুযোগ হিসেবে দেখছি। এই আসরে খেলার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।’
এদিকে, দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে খুব একটা ভালো অবস্থানে নেই ব্রাজিল। ১২ ম্যাচ শেষে ১০ দলের মধ্যে পাঁচ নম্বরে রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন সেলেসাওরা। শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপের টিকিট পেলেও ব্রাজিল এখন সাতে থাকা বলিভিয়ার চেয়ে মাত্র পাঁচ পয়েন্টে এগিয়ে।
তবুও নিজের দল নিয়ে আশাবাদী নেইমার। দলের খেলোয়াড়দের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে বলে জানান এই তারকা ফুটবলার। তিনি বলেন, ‘আমি আমার দলের ওপর অনেক আস্থা রাখি। নতুন যারা দলে এসেছে, তাদের প্রতিভাতেও বিশ্বাস আছে। তবে এটা সত্যি যে আমরা এখন যেখানটায় আছি, সেখানটায় থাকার মতো দল ব্রাজিল নয়।’
বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দিয়েছেন নেইমার। তিনি বলেন, ‘যদি সবাই মিলে একসঙ্গে কাজ করি, তাহলে বড় কিছু অর্জন করা সম্ভব। আমাদের হাতে দেড় বছরের মতো সময় আছে। এই সময়ের মধ্যেই আমাদের সঠিক পরিকল্পনা করে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে হবে।’












