কুমিল্লাবুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১৫০ মাধ্যমিক বিদ্যালয়ে ৩০০ স্মার্ট ক্লাসরুম স্থাপনে উদ্যোগ, তথ্য চাইল মাউশি

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৪, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

দেশের নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে ‘স্মার্ট ক্লাসরুম স্থাপন’ প্রকল্পের কাজ শুরু করেছে সরকার। বাংলাদেশ ও চীন সরকারের যৌথ সহযোগিতায় বাস্তবায়িত এই প্রকল্পের প্রাথমিক প্রস্তুতির অংশ হিসেবে সম্ভাব্যতা যাচাই কার্যক্রম শুরু হয়েছে।

এ লক্ষ্যে নির্বাচিত ১৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে প্রয়োজনীয় তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। সংস্থাটির পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক মিনহাজউদ্দীন আহম্মদ স্বাক্ষরিত নির্দেশনায় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানদের তথ্য পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

অফিস আদেশে জানানো হয়, প্রকল্পের আওতায় ১৫০টি বিদ্যালয়ে মোট ৩০০টি স্মার্ট ক্লাসরুম স্থাপন করা হবে। চীনা কারিগরি দলের প্রস্তুতকৃত প্রশ্নমালার ভিত্তিতে বিদ্যালয়গুলোর বর্তমান অবকাঠামো, প্রযুক্তিগত সক্ষমতা এবং প্রয়োজনীয় প্রস্তুতি যাচাই করা হবে।

এ উদ্দেশ্যে একটি নির্দিষ্ট গুগল ফর্ম সক্রিয় করা হয়েছে। যেসব প্রতিষ্ঠান এখনও তথ্য পাঠায়নি, তাদের আগামী ৫ মার্চের মধ্যে নির্ধারিত লিংকের মাধ্যমে তথ্য জমা দিতে বলা হয়েছে। তবে যারা ইতোমধ্যে তথ্য প্রদান করেছে, তাদের পুনরায় পাঠানোর প্রয়োজন নেই।

মাউশি সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে, নির্বাচিত বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত সময়ের মধ্যে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য নিশ্চিত করতে।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে মাধ্যমিক পর্যায়ে প্রযুক্তিনির্ভর শিক্ষাদান আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।