কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১২ দিনে ১৩ বার সমন্বয়, দেশে এখন স্বর্ণের দাম কত

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

দেশের বাজারে স্বর্ণের দামে চলছে চরম অস্থিরতা। হঠাৎ করেই দাম উঠে যাচ্ছে রেকর্ড উচ্চতায়; আবার হঠাৎ করেই দেখা দিচ্ছে বড় পতন। উত্থান-পতনের এই ধারায় গত ১২ দিনে দেশের বাজারে ১৩ দফা সমন্বয় করা হয়েছে মূল্যবান এই ধাতুর দাম। যার মধ্যে বাড়ানো হয়েছে ৮ বার, আর কমেছে ৫ বার।

সবশেষ গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে দেয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এদিন ভরিতে ১০ হাজার ৯০৬ টাকা বাড়িয়েছে সংগঠনটি।


কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।


সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকায় বেচাকেনা হচ্ছে।

এর আগে গত ২ ফেব্রুয়ারি একদিনে ২ দফা ও ১ ফেব্রুয়ারি ১ দফায় কমানো হয় স্বর্ণের দাম। দুই দিনে টানা ৩ দফায় মূল্যবান এই ধাতুর দাম কমে মোট ১৩ হাজার ৯৩৯ টাকা। তবে গত ৩১ জানুয়ারি একদিনে দুই দফা সমন্বয় করা হয় স্বর্ণের দাম। যেখানে ১ দফা কমলেও আরেক দফা বেড়েছে।


গত ৩০ জানুয়ারিও কমানো হয়েছিল স্বর্ণের দাম। সেদিন ভরিতে কমেছিল ১৪ হাজার ৬৩৮ টাকা। তবে এর আগের দিন একদিনেই ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে স্বর্ণের দাম পৌঁছেছিল দেশের ইতিহাসের সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার ১ টাকা।


এর আগে গত ২৮, ২৬, ২৫ ও ২৩ জানুয়ারি টানা ৪ দফা সমন্বয় করা হয়েছিল স্বর্ণের দাম। যেখানে প্রতিবারই বেড়েছিল দর। সে সময় চার দফায় মোট দাম বেড়েছিল ২০ হাজার ৪৭০ টাকা।


এদিকে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ২৪ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ১৬ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৮ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।