কুমিল্লারবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১০–১২ মার্চের মধ্যে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন সংসদের প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো উপস্থাপন এবং শোক প্রস্তাব আনা হবে।

ইতোমধ্যে সংসদ নেতা হিসেবে তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা হিসেবে শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন বলেও জানান তিনি।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি এ অধিবেশন ডাকেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হওয়ায় ১৪ মার্চের মধ্যেই অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সংসদ সদস্যরা ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেছেন।

সংবিধানের বিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন এবং সেই ভাষণের ওপর সংসদ সদস্যরা আলোচনা করেন।

এবারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয় এবং অধিকাংশ আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রার্থীরা এতে বিজয়ী হয়েছেন।