কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১০ মিনিটে পাওয়া যাবে অন-অ্যারাইভাল ভিসা: উপদেষ্টা

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমাদের দেশে বিশ্বের অনেক দেশের নাগরিকরা অন-অ্যারাইভাল ভিসা পেয়ে থাকেন। তবে এই ভিসা পেতে অনেক সময় লেগে যায়। অনেক ক্ষেত্রে ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত সময় লাগে। আমরা একটি নতুন সিস্টেম চালু করেছি, যার মাধ্যমে সেবাগ্রহীতারা মাত্র ১০ মিনিটের মধ্যে অন-অ্যারাইভাল ভিসা পেয়ে যাবেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসবি ইমিগ্রেশন কর্তৃক বিদেশি নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল/ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ্লিকেশন উদ্বোধন, পাসপোর্ট ভেরিফিকেশন প্রক্রিয়া সহজিকরণ এবং পাসপোর্ট আবেদনকারীদের জটিলতা বা অভিযোগ ৯৯৯ নম্বরে অবহিতকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এই ভিসা পেতে বিদেশি নাগরিকরা নিজেরাই অনলাইনে আবেদন করে প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন। এরপর তারা একটি কোড পাবেন। এই কোডটি নিয়ে এয়ারপোর্টে উপস্থাপন করলে ডলারে পেমেন্ট করার পর মাত্র ৫ থেকে ১০ মিনিটের মধ্যে ভিসা পেয়ে যাবেন। এই নতুন সিস্টেমটি আজ থেকে চালু হলো। এই ভিসার মেয়াদ হবে এক মাস।

তিনি আরও বলেন, সোনালী ব্যাংকে টাকা জমা দিতে যে সময় লাগে, শুধু সেই সময়টুকুই ব্যয় হবে। ভিসার পেমেন্ট কার্ড এবং ক্যাশ উভয় পদ্ধতিতেই করা যাবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাসপোর্ট যাতে সহজে পাওয়া যায়, সে জন্য পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া উঠিয়ে দেওয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে। ভেরিফিকেশন প্রক্রিয়া থাকলেও যাতে পাসপোর্ট আরও সহজে পাওয়া যায়, সেই চেষ্টা চলছে। তবে ভেরিফিকেশন প্রক্রিয়া বাদ দেওয়ার চেষ্টাই বেশি থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, র‌্যাব বিলুপ্ত করতে জাতিসংঘের সুপারিশকে সরকার স্বাগত জানিয়েছে। তবে তাদের এই প্রস্তাব আলোচনা ও পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।