সাইফুল ইসলাম
কুমিল্লা–২ (হোমনা–তিতাস) আসনে ভোটের হিসাব বলছে, এখানে লড়াইটা ছিল একক নয়, বরং ত্রিমুখী। মোট ৩ লাখ ৭৫ হাজার ৬৬ জন ভোটারের এই আসনে ১১১টি কেন্দ্রের সব ফল একসঙ্গে প্রকাশ হয়েছে।
মোট ২ লাখ ৬ হাজার ২২৬ জন ভোটার ভোট দেন। এর মধ্যে বৈধ ভোট ২ লাখ ১ হাজার ৪১৪টি এবং বাতিল ভোট ৪ হাজার ৮১২টি। ভোটের হার দাঁড়িয়েছে ৫৪ দশমিক ৯৮ শতাংশ।
ফলাফলে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি মনোনীত প্রার্থী মোঃ সেলিম ভূঁইয়া ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৭ হাজার ০৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ আবদুল মতিন তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩ হাজার ০৪৫ ভোট। দুই প্রার্থীর ব্যবধান দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৯২ ভোট।
তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ নাজিম উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৩ হাজার ৩৬৪ ভোট। ফলে শীর্ষ তিন প্রার্থীর ভোটের ব্যবধান তুলনামূলক কম থাকায় শেষ পর্যন্ত কেন্দ্রভিত্তিক ফলই নির্ধারণ করেছে চূড়ান্ত চিত্র।
অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল আলম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৬১১ ভোট। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোঃ আব্দুস সালাম চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৭৬৭ ভোট এবং জাতীয় পার্টির মোঃ আমির হোসেন লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭০ ভোট।
ফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, মোট বৈধ ভোটের বড় অংশই গেছে শীর্ষ তিন প্রার্থীর ঝুলিতে। হোমনা–তিতাসে তাই এবার ভোটের লড়াই ছিল সরাসরি মাঠের শক্তি আর সংগঠনের সক্ষমতার পরীক্ষায়।












