দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যা জনস্বাস্থ্য পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃতদের মধ্যে ১০ জন হাম সন্দেহে এবং একজন নিশ্চিতভাবে হাম রোগে আক্রান্ত ছিলেন।
একই সময়ে দেশে নতুন করে ১ হাজার ২৩৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৮৮৩ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২২৪ জন। এ নিয়ে নির্দিষ্ট সময়কালে মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৯৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা গেছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৮৮৩ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৬৩৫ জন।
মৃত্যুর দিক থেকে ঢাকা বিভাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে মারা যাওয়া ১০ জনের মধ্যে ছয়জনই এই বিভাগের বাসিন্দা।
এ ছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে নিশ্চিত হাম রোগে মোট ২১ জন এবং সন্দেহভাজন হিসেবে ১২৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।
কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।














