কুমিল্লাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হামলা এড়াতে গিয়ে সাগরে ডুবল ৭২৬ কোটির মার্কিন যুদ্ধবিমান

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২৯, ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষা পেতে প্রায় ৬ কোটি ডলার মূল্যের একটি মার্কিন যুদ্ধবিমান লোহিত সাগরে ডুবে গেছে। মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরি ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে একটি এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান সাগরে পড়ে যায়। স্থানীয় সময় সোমবার (২৮ এপ্রিল) মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

হুতি বিদ্রোহীদের দাবি, তারা গতকাল ইউএসএস ট্রুম্যানকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিমানটি হারানোর খবর জানানো হয়। মার্কিন এক কর্মকর্তা জানান, হুতির হামলা এড়াতে রণতরীটি দ্রুত অবস্থান পরিবর্তন করছিল, তখনই যুদ্ধবিমানটি সাগরে পড়ে যায়। এ ঘটনায় একজন নাবিক সামান্য আহত হয়েছেন।

মার্কিন নৌবাহিনীর তথ্যমতে, প্রতিটি এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমানের মূল্য প্রায় ৬ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২৫ কোটি টাকার বেশি।

এর আগে, ইয়েমেনের বিভিন্ন স্থানে মার্কিন বাহিনী একাধিক হামলা চালিয়েছে। হুতি-নিয়ন্ত্রিত আল মাসিরাহ টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, সাদা শহরে দুই দফা এবং বারাত আল আনান জেলায় চার দফা হামলা পরিচালনা করে যুক্তরাষ্ট্র।

বর্তমানে হুতিদের বিরুদ্ধে চলমান অভিযানে অংশ নেওয়ার জন্য মার্কিন নৌবাহিনী ইউএসএস ট্রুম্যানকে লোহিত সাগরে মোতায়েন করেছে। গত এক মাস ধরে ইয়েমেনে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলা থেকে আন্তর্জাতিক জাহাজ চলাচল সুরক্ষিত রাখতেই এসব অভিযান চালানো হচ্ছে।

হুতিদের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল, গত মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত ইয়েমেনে ৮০০টিরও বেশি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যাতে কমপক্ষে ২২৮ জন ইয়েমেনি নিহত হয়েছেন।

সূত্র: সিএনএন