ডেস্ক রিপোর্ট:
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, হানাহানি না করে দেশ ও জাতির স্বার্থে একতাবদ্ধ থাকতে হবে। তিনি সতর্ক করে বলেন, যদি আমরা নিজেরা কাদা ছোড়াছুড়ি করি, তাহলে দেশ ও জাতির সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। তিনি বলেন, “আমি সতর্ক করে দিচ্ছি, পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি।” এছাড়া, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশকে ঐক্যবদ্ধ রাখতে যথাসাধ্য সাহায্য করছেন বলে তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার জাতীয় শহিদ সেনা দিবস উপলক্ষে মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত ফটো প্রদর্শনীতে সেনাপ্রধান এসব কথা বলেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রসঙ্গে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “আমার মনে হয় আমরা নির্বাচনের দিকেই এগোচ্ছি। এর আগে আমি বলেছিলাম, ১৮ মাসের মধ্যে একটি নির্বাচন হবে। ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি।” তিনি আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূস এ বিষয়ে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।












