কুমিল্লাবৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় বিএনপি–এনসিপি সংঘর্ষে পুলিশসহ আহত ২০

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর হাতিয়া উপজেলায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রকল্প বাজার এলাকায় গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ ওঠে। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে হাতিয়া থানার উপপরিদর্শক শহীদুল আলম আহত হন। এছাড়া উভয় পক্ষের আরও অনেকে জখম হয়েছেন বলে জানা গেছে। এ সময় এনসিপির কর্মীদের ১৫ থেকে ২০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পাল্টা অভিযোগে স্থানীয় বিএনপির একটি কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুরের কথাও উঠে এসেছে।

ঘটনার পর সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ হামলার প্রতিবাদে সড়কে অবস্থান নেন এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। তিনি অভিযোগ করেন, নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের দেখতে গেলে তাঁর ওপর পরিকল্পিত হামলা চালানো হয় এবং পুলিশ শুরুতে কার্যকর ভূমিকা নেয়নি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে তিনি সড়ক ত্যাগ করেন।

অন্যদিকে চানন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইকবাল মাহবুব দাবি করেন, সংসদ সদস্যের অনুসারীরাই প্রথমে উত্তেজনা সৃষ্টি করেন এবং তাঁদের পক্ষ থেকে হামলার অভিযোগ সঠিক নয়। বরং তাঁদের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, সংসদ সদস্যের নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ ও একজন সহকারী পুলিশ সুপার ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

বিকেল পর্যন্ত দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে।