ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ‘ব্যর্থ’ হওয়ার কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে, মার্কিন বাহিনী অবিলম্বে ‘হরমুজ প্রণালীতে প্রবেশ বা প্রস্থানের চেষ্টাকারী যেকোনো জাহাজকে অবরোধ করার প্রক্রিয়া শুরু করবে’।
ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লিখেছেন, “একপর্যায়ে আমরা ‘সবার অবাধ প্রবেশাধিকার’ নীতিতে পৌঁছাব, কিন্তু ইরান তা হতে দেয়নি।” খবর আল জাজিরা’র।
তিনি আরও বলেন,
আমি আমাদের নৌবাহিনীকে আন্তর্জাতিক জলসীমায় থাকা এমন প্রতিটি জাহাজকে খুঁজে বের করে আটক করার নির্দেশ দিয়েছি, যেগুলো ইরানকে টোল দিয়েছে। যারা অবৈধ টোল দেবে, গভীর সমুদ্রে তাদের কারও নিরাপদ চলাচল থাকবে না।
বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সাধারণত যে গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হয়, সেই হরমুজ প্রণালী ইসলামাবাদ শান্তি আলোচনায় ছিল একটি বড় জটিলতার কারণ।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কার্যকর থাকা শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা।
ইরানের ডেপুটি পার্লামেন্ট স্পিকার হাজি বাবাই-এর বরাত দিয়ে মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের জন্য হরমুজ প্রণালী একটি ‘রেড লাইন’।
হাজি বাবাই বলেন,
হরমুজ প্রণালী পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে এবং এর টোল ইরানি মুদ্রা রিয়ালে পরিশোধ করতে হবে।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শনিবার (১১ এপ্রিল) তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে দাবি করেছিলেন, প্রণালীটি ‘শিগগিরই খুলে দেয়া হবে’।


কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন











