কুমিল্লাসোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

বিষয়টি নিশ্চিত করে আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রী চান দ্রুততম সময়ে তৃতীয় টার্মিনাল চালু করা হোক। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

টার্মিনাল চালুর সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, নির্দিষ্ট সময়সীমা এখনই বলা সম্ভব নয়। এ বিষয়ে আলোচনা, পর্যালোচনা ও প্রয়োজনীয় যাচাই-বাছাই চলছে। কীভাবে দ্রুত চালু করা যায়, সে বিষয়েও কাজ করা হচ্ছে।

টার্মিনালটির কাজ ৯৯ শতাংশের বেশি সম্পন্ন হলেও কিছু কারিগরি ও নেটওয়ার্ক-সংক্রান্ত জটিলতা এবং কিছু অংশে সংস্কার প্রয়োজন ছিল বলে জানা গেছে। এ বিষয়ে মন্ত্রী বলেন, অতীতে কেন চালু করা সম্ভব হয়নি সে প্রশ্ন সংশ্লিষ্ট সময়ের দায়িত্বপ্রাপ্তদের কাছে করা উচিত। বর্তমান সরকার দ্রুত চালুর বিষয়ে আন্তরিক এবং সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে।