ডেস্ক রিপোর্ট:
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ভোটার নিবন্ধন প্রক্রিয়ার একমাত্র চ্যালেঞ্জ হলো মনকে ঠিক করা। উদ্দেশ্য যদি মহৎ হয়, তবে কোনো চ্যালেঞ্জই বড় নয়। আমানতের খেয়ানতকারীদের জন্য জাহান্নামের স্থান অপেক্ষা করছে। স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন ১৮ কোটি মানুষের আমানত, এবং এই আমানত রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার আরও বলেন, জুলাই মাসের অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তাদের দেশপ্রেম এবং কমিটমেন্ট দেখে তিনি অভিভূত। তারা নির্ভেজাল গণতন্ত্র চায়। নারায়ণগঞ্জের বৈশিষ্ট্য ভিন্ন, এখানে সব ধরনের লোক বাস করে। ভালো ঐতিহ্যের পাশাপাশি খারাপ ঐতিহ্যও রয়েছে।
তিনি বলেন, যদি আমাদের মধ্যে মানসিক শক্তি, সৎ উদ্দেশ্য এবং দৃঢ় সংকল্প থাকে, তবে নির্ভেজাল ভোটার তালিকা তৈরি করা সম্ভব। ভুল কখনোই হঠাৎ ঘটে না; এর জন্য কেউ না কেউ দায়ী থাকে। এনআইডি সংক্রান্ত অতীতের কিছু বদনামের জন্য আমাদের সতর্ক থাকতে হবে এবং নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে হবে। নির্বাচন কমিশন জাতিকে একটি ভালো এবং নির্ভেজাল ভোটার তালিকা উপহার দিতে কাজ করে যাচ্ছে।
ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনআইডি মহাপরিচালক হুমায়ুন কবির, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব আলী নেওয়াজ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার প্রমুখ।












