ডেস্ক রিপোর্ট:
সৌদি আরবে গত এক সপ্তাহে পরিচালিত অভিযানে প্রায় ২০ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) আরব নিউজ-এর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানে ১৯ হাজার ৬৯৬ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন সরকারি সংস্থার সহযোগিতায় এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১,৩৩৬ জন রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী, ৫,১৭৬ জন সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনকারী এবং ৩,১৮৪ জন শ্রম আইন লঙ্ঘনকারী রয়েছেন। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় ১,৫৪৭ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৩২ শতাংশ ইয়েমেনি, ৬৫ শতাংশ ইথিওপীয় এবং তিন শতাংশ অন্যান্য জাতীয়তার।
সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের সহায়তা প্রদানকারীদের জন্য রয়েছে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান। এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার সতর্কবার্তা দিয়ে আসছে।












