কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের ৩ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবের কাছে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। চুক্তিতে এফ-১৫ যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ ও টেকসই ব্যবহারের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সহায়ক সামগ্রী বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে জানায়, এ চুক্তির আওতায় সৌদি আরবে অল্পসংখ্যক দীর্ঘমেয়াদি মার্কিন বেসামরিক ঠিকাদার বা সামরিক সদস্য মোতায়েনের প্রয়োজন হতে পারে।

পেন্টাগনের নোটিশে বলা হয়েছে, সৌদি আরব সরকার ‘নন-মেজর ডিফেন্স ইকুইপমেন্ট’ হিসেবে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ ও মেরামত সামগ্রী, আনুষঙ্গিক সরঞ্জাম, মেরামত ও ফেরত সহায়তা, গ্রাউন্ড ও জনবল সরঞ্জাম, গোপনীয় সফটওয়্যার ও সফটওয়্যার সহায়তা, কারিগরি নথিপত্র, জনবল প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সরঞ্জাম, পাশাপাশি যুক্তরাষ্ট্র সরকার ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশল, কারিগরি ও লজিস্টিক সহায়তা সেবা কিনতে চেয়েছে।

এ ছাড়া কর্মসূচি ও লজিস্টিক সহায়তার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

পেন্টাগনের মতে, এ চুক্তি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা লক্ষ্য পূরণে সহায়ক হবে। একই সঙ্গে এটি উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির ‘একটি শক্তি’ হিসেবে বিবেচিত প্রধান নন-ন্যাটো মিত্র সৌদি আরবের নিরাপত্তা আরও জোরদার করবে। এফ-১৫ যুদ্ধবিমানগুলো সৌদি আরবের বর্তমান ও ভবিষ্যৎ হুমকি প্রতিরোধ সক্ষমতাও বাড়াবে।

এর আগে গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন সৌদি আরবের কাছে সম্ভাব্য ৯ বিলিয়ন ডলারের ৭৩০টি প্যাট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি-৩ মিসাইল সেগমেন্ট এনহ্যান্সমেন্ট (পিএসি-৩ এমএসই) ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দেয়। পেন্টাগনের ভাষ্য, এই উন্নত সক্ষমতা সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও স্থানীয় মিত্রদের স্থলবাহিনীকে সুরক্ষা দেবে এবং সেন্টকম অঞ্চলে সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় (আইএএমডি) সৌদি আরবের অবদান উল্লেখযোগ্যভাবে বাড়াবে।

লকহিড মার্টিন নির্মিত পিএসি-৩ এমএসই ক্ষেপণাস্ত্রকে বিশ্বের অন্যতম আধুনিক প্রতিরক্ষা অস্ত্র হিসেবে ধরা হয়। এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং উন্নত ড্রোন শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম।