কুমিল্লাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে ইরানের হামলায় মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ১৪, ২০২৬ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। সৌদি আরবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমান বাহিনীর পাঁচটি রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইরাকে একটি মার্কিন বিমান বিধ্বস্ত হয়ে ৬ ক্রু সদস্য নিহত হয়েছেন।

সম্প্রতি সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমান বাহিনীর পাঁচটি রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, বিমানগুলো পুরোপুরি ধ্বংস না হলেও সেগুলোর বড় ধরনের মেরামতের প্রয়োজন রয়েছে। তবে এই হামলায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, বৃহস্পতিবার (১২ মার্চ) পশ্চিম ইরাকে মার্কিন সামরিক বাহিনীর একটি ‘কেসি-১৩৫’ রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ভেতরে থাকা ৬ জন ক্রু সদস্যই নিহত হয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শুক্রবার (১৩ মার্চ) এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অন্য একটি বিমানের সঙ্গে সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটেছে। তবে মার্কিন সেনাবাহিনী দাবি করেছে, এটি শত্রুপক্ষ বা কোনো বাহ্যিক হামলার কারণে ঘটেনি।

পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এই ঘটনাকে ‘মর্মান্তিক’ বলে অভিহিত করেছেন এবং জানিয়েছেন যে, ইরানের বিরুদ্ধে তাঁদের সামরিক অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া মার্কিন অভিযানে এ পর্যন্ত মোট ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এর আগে কুয়েত ও সৌদি আরবে ড্রোন হামলায় আরও সাতজন সেনা নিহত হয়েছিলেন। রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, ইরান-ইসরাইল-যুক্তরাষ্ট্রের এই বহুমুখী যুদ্ধে এ পর্যন্ত প্রায় ১৫০ জন মার্কিন সেনা আহত হয়েছেন।

.