সৌদি আরবে শ্রম, আবাসন ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গত সপ্তাহে ১৯,১০১ জনকে গ্রেপ্তার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ১২ থেকে ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী যৌথ অভিযান চালিয়ে এ পুলিশি কার্যক্রম সম্পন্ন করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে ১২,১৫৩ জনকে আবাসন আইন, ২,৮৪৫ জনকে শ্রম আইন এবং ৪,১০৩ জনকে সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়েছে। এছাড়া এক হাজার ৬৬৩ জনকে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের সময় গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৫৪ শতাংশ ইয়েমেন, ৪৫ শতাংশ ইথিওপিয়া এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
অবৈধভাবে সৌদি ছাড়ার চেষ্টা করার সময় আরও ৩১ জনকে আটক করা হয়েছে। এছাড়া ২৮ জনের বিরুদ্ধে অবৈধ পরিবহন, আশ্রয় দেয়া, চাকরি প্রদান ও গোপন রাখা সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ১৪,৮৯৩ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এক হাজার ৩৮৯ জনকে ভ্রমণ সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্নের জন্য এবং ১৫,৫৮৫ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য ফেরত পাঠানো হয়েছে।
সীমান্ত আইন লঙ্ঘনে সহায়তা করার ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা ধার্য করা হয়। সংশ্লিষ্ট যানবাহন ও আশ্রয়স্থলও জব্দ করা হবে।












