কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সোনা পাচারের অভিযোগে গ্রেফতার অভিনেত্রী

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৫, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

দুবাই থেকে বিপুল পরিমাণ স্বর্ণ পাচারের অভিযোগে দক্ষিণ ভারতের কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রান্যা রাওকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। গত ৩ মার্চ রাতে বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪.৮ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। অভিনেত্রী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে ভারতে ফিরছিলেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কিছুদিন পরপর আন্তর্জাতিক ভ্রমণের কারণে রান্যা রাওকে নজরদারিতে রাখা হচ্ছিল। গত ১৫ দিনের মধ্যে তিনি চারবার দুবাই ভ্রমণ করেছেন, যা কর্তৃপক্ষের সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়।

গ্রেফতারের পর তাকে অর্থনৈতিক অপরাধ সংক্রান্ত আদালতে হাজির করা হয়। আদালত তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, রান্যা রাও স্বর্ণ সম্বলিত বিশেষ পোশাক পরিধান করে এবং তার পোশাকের মধ্যে স্বর্ণের বার লুকিয়ে পাচারের চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তিনি তার খ্যাতি ব্যবহার করে কাস্টমস চেক এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। অবতরণের সময় তিনি নিজেকে কর্ণাটকের পুলিশ মহাপরিচালকের মেয়ে দাবি করেন এবং বাড়ি যাওয়ার জন্য স্থানীয় পুলিশ সদস্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন।

এ ঘটনায় তদন্তকারী কর্মকর্তারা খতিয়ে দেখছেন যে, রান্যা রাওয়ের কোনো আত্মীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বা আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যুক্ত কি না, অথবা তিনি নিজেকে রক্ষার জন্য বিভ্রান্তিকর তথ্য দিচ্ছিলেন কি না। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য বেঙ্গালুরুর ডিআরআই সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

কর্তৃপক্ষ এও তদন্ত করছে যে, রান্যা রাও একাই এই স্বর্ণ পাচারের ঘটনার সঙ্গে জড়িত, নাকি দুবাই ও ভারতের মধ্যে বৃহত্তর কোনো চোরাচালান নেটওয়ার্কের অংশ হিসেবে কাজ করছিলেন।

উল্লেখ্য, ২০১৪ সালে ‘মানিক্য’ সিনেমায় কন্নড় ইন্ডাস্ট্রির সুপরস্টার সুদীপের বিপরীতে অভিনয় করে রাতারাতি খ্যাতি লাভ করেন রান্যা রাও। এরপর তিনি আরও কয়েকটি দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিনয় করেছেন।