ডেস্ক রিপোর্ট:
মেলবোর্নের বক্সিং ডে টেস্ট নিয়ে পুরো ক্রিকেট দুনিয়া যেন দুই ভাগে বিভক্ত। বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের একটি সিদ্ধান্ত ঘিরে ম্যাচ শেষ হওয়ার পরেও চলছে ব্যাপক আলোচনা। স্নিকোমিটারের ত্রুটি আমলে নিয়ে তিনি চোখের দেখায় যশস্বী জয়সওয়ালকে আউট ঘোষণা করেন। এরপর থেকেই ভারতীয় ক্রিকেট ভক্ত এবং গণমাধ্যমের সমালোচনার মুখে পড়েছেন তিনি।
তবে ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রীসহ অনেকেই শরফুদ্দৌলার পক্ষে কথা বলেছেন। তাঁদের মতে, শরফুদ্দৌলা সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। অন্যদিকে, সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার এবং বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লার মতো ব্যক্তিরা বলছেন, টিভি আম্পায়ারকে প্রযুক্তির ওপর ভরসা রেখে নটআউট ঘোষণা করা উচিত ছিল।
এর মধ্যে ভিন্নমত দিয়েছেন আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার সুরিন্দর খান্না। ১৯৭৯ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ভারতের হয়ে ১০টি ওয়ানডে খেলা এই উইকেটকিপার-ব্যাটসম্যান বাংলাদেশি আম্পায়ারের পক্ষ নিয়ে সরাসরি সমালোচকদের জবাব দিয়েছেন। তিনি ভারতের কিছু খেলোয়াড়কে মিথ্যাবাদী আখ্যাও দিয়েছেন।
ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে সুরিন্দর খান্না বলেন, ‘বিতর্ক করার মতো কিছুই ছিল না। চারটি অ্যাঙ্গেল থেকে রিপ্লে দেখানো হয়েছে। বলটি গ্লাভসে লেগে গতি হারিয়ে উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারির হাতে জমা পড়ে।’
আকাশ দীপকে নিয়েও কড়া মন্তব্য করেন খান্না। তিনি বলেন, ‘আকাশ দীপও আউট হওয়ার পর একই কথা বলেছিল। এরা তো মিথ্যাবাদী। আপনাকে আগে সৎ হতে হবে, এরপরই কেবল আপনি জিততে শুরু করবেন। হাতে ব্যাট থাকলে বল কানায় লেগেছে কি না তা না বুঝে বলা সম্ভব নয়। মূল বিষয় হলো, আমরা বাজে খেলেছি এবং হার স্বীকার করতে হবে।’
এই আলোচনায় যুক্ত হয়েছেন টেস্টের পর অবসর নেওয়া রবিচন্দ্রন অশ্বিনও। সোশ্যাল মিডিয়া এক্স-এ (সাবেক টুইটার) শরফুদ্দৌলার একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘স্নিকোমিটার এখন ট্রেন্ডিং। এই সুযোগে এই লোকটিকে ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা উচিত।’ মজার ছলে এই মন্তব্য করলেও তা আলোচনার নতুন মাত্রা যোগ করেছে।












