চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত বছর বয়সী জান্নাতুল নাইমা ইরা হত্যাকাণ্ডের পেছনে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ছিল বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার আসামি বাবু শেখ (৪৫) প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিকল্পিতভাবে শিশুটিকে ডেকে নেওয়ার কথা স্বীকার করেছেন বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রোববার সকালে অভিযুক্ত ব্যক্তি চকলেট দেওয়ার কথা বলে শিশুটিকে বাড়ি থেকে বের করে নিয়ে যান। কুমিরা এলাকা থেকে বাসে সীতাকুণ্ড বাসস্ট্যান্ডে গিয়ে সেখান থেকে পায়ে হেঁটে একটি পাহাড়ি এলাকায় নেওয়া হয়। সেখানে শিশুটির ওপর নির্যাতনের চেষ্টা করা হয়। একপর্যায়ে শিশুটি চিৎকার করলে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করা হয় এবং তাকে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত।
পরে গুরুতর আহত অবস্থায় শিশুটি নির্মাণাধীন সড়কের দিকে এলে শ্রমিকরা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এ স্থানান্তর করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ মার্চ ভোরে জান্নাতুল নাইমা ইরার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।












