কুমিল্লাশনিবার, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিলেট-আখাউড়া রেলপথে নিত্যদুর্ভোগ: পুরোনো ইঞ্জিন ও ঝুঁকিপূর্ণ অবকাঠামোয় বাড়ছে দুর্ঘটনা

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ৪, ২০২৬ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

শত বছরের পুরোনো সিলেট-আখাউড়া রেলপথ এখন যাত্রীদের জন্য চরম ঝুঁকির প্রতীক হয়ে উঠেছে। ব্রিটিশ আমলে পণ্য পরিবহনের জন্য নির্মিত এই রেললাইন সময়ের সঙ্গে যাত্রী চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও দীর্ঘদিনেও এর উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি।

সাম্প্রতিক সময়ে এ রুটে ট্রেন চলাচলে অস্বাভাবিক অনিয়ম ও দুর্ঘটনা বেড়েছে। গত এক মাসে অন্তত ৫০টি ট্রেন ইঞ্জিন বিকলসহ নানা কারণে বিলম্বে গন্তব্যে পৌঁছেছে। টানা কয়েক দিনের মধ্যে বড় ধরনের একাধিক দুর্ঘটনাও ঘটেছে, যা যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

সর্বশেষ হবিগঞ্জের মাধবপুরে একটি তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়ে দীর্ঘ সময় রেল যোগাযোগ বন্ধ থাকে। এর আগে কুমিল্লায় চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়া এবং মৌলভীবাজারে ইঞ্জিন বিকলের ঘটনাও ঘটে। এসব ঘটনায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

অনুসন্ধানে জানা গেছে, রুটটিতে ব্যবহৃত বেশিরভাগ ইঞ্জিনই পুরোনো এবং পাহাড়ি পথে চলাচলের সময় প্রায়ই বিকল হয়ে পড়ে। বিশেষ করে লাউয়াছড়া অঞ্চলের উঁচু পথে ওঠার সময় সমস্যাগুলো প্রকট হয়ে ওঠে। একই ইঞ্জিন দিয়ে আসা-যাওয়া করায় সমস্যার মাত্রা আরও বাড়ছে।

এছাড়া রেলপথের অন্তত দশটি সেতু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কোথাও কোথাও নাট-বল্টু ও ক্লিপ চুরির ঘটনাও ঘটছে, যা নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে। তীব্র গরমে রেললাইন বাঁকা হওয়ার আশঙ্কাও রয়েছে।

এই রুটে প্রতিদিন প্রায় ৩০ থেকে ৩৫ হাজার যাত্রী চলাচল করেন, যার মধ্যে উল্লেখযোগ্য অংশ পর্যটক। তবে নিয়মিত বিলম্ব ও দুর্ঘটনার কারণে তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় সংখ্যক ইঞ্জিনের ঘাটতির কারণে পুরোনো ইঞ্জিন ব্যবহার করতে হচ্ছে। নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং আগামী দুই থেকে তিন বছরের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে যাত্রীদের দাবি, দ্রুত রেলপথটি ডাবল লাইনে উন্নীত করা এবং আধুনিক ইঞ্জিন সংযোজন করা জরুরি। অন্যথায় এই গুরুত্বপূর্ণ রুটে নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা সম্ভব হবে না।

কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।